বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। এরপরও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইএক্স) বাজার মূলধন প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা বেড়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে মূল্যসূচক। পাশাপাশি বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও।
বিদায়ী সপ্তাহ ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। এতে পুরো সপ্তাহ জুড়েই ইতিবাচক ছিলো বাজার। এতে সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক আগের চেয়ে ৫৪ দশমিক ৭ পয়েন্ট বেড়েছে। অবস্থান করছে ৫ হাজার ১৫৪ পয়েন্টে। বেড়েছে অন্য দুটি সূচকও।
সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে সামান্য। বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৮৯৭ কোটি টাকা। যা এর আগের সপ্তাহে ছিলো ২ হাজার ৮৭৯শ কোটি টাকা। অর্থাৎ বেড়েছে মাত্র ১৮ কোটি টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৩ কোটি টাকা।
বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহের শুরুতে বাজারমূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। শেষদিনে দাঁড়ায় ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটিতে। এতে সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেয়া ৩৮৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫২ টি শেয়ারের। কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত আছে ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থায় উঠে এসেছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় ডোমিনেজ, তৃতীয় ওরিয়ন ইনফিউশন।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক, শেয়ার দর বেড়েছে ৬০ শতাংশ। দ্বিতীয় মেঘনা পেট এবং তৃতীয় অবস্থানে আছে জিবিবি পাওয়ার।
অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ২০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪৬৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে মোট লেনদেন ৪৪ কোটি ২১ লাখ টাকা।