ঢাকার শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক দেশের দুই শেয়ারবাজার। ডিএসইতে সূচক বেড়েছে ৮ পয়েন্ট। সূচক বাড়লেও কমেছে লেনদেন। শেয়ারদর বেড়েছে ৪৬ ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩১ পয়েন্ট।

মঙ্গলবার সারা দিন মিশ্র অবস্থায় ছিল ঢাকার শেয়ারবাজার। দিনশেষে ডিএসইএক্স সূচক ৮ দশমিক চার দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১১ পয়েন্টে। 

সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৫০৩ কোটি ৫ লাখ টাকা কম। 

লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১টির। দর কমেছে ১৩৮টির। অপরিবর্তিত রয়েছে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এশিয়াটিক ল্যাব। রংপুর ডেইরী দ্বিতীয়। তৃতীয় এনসিসি ব্যাংক।

এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে বিআইএফসি। প্রাইম ফাইন্যান্স দ্বিতীয়। তৃতীয় ফিনিক্স ফাইন্যান্স।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৩১ দশমিক শূন্য সাত পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ৮২ লাখ টাকা।