ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে সরকার নতুন বই তুলে দিতে চায় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভাশেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ ব্যাপারে নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলামে কিছুটা পরিমার্জনের পাশাপাশি আলাদা আলাদা শ্রেণিতে চারটি বই নতুন আসছে। এছাড়া ভাষা শিক্ষা বিষয়টিতে শিক্ষক নিয়োগ চ্যালেঞ্জিং। আগামীবছর থেকে নিয়োগের কাজ শুরু হবে।’