স্কুলে ভর্তির পদ্ধতি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষেও পুরোনো পদ্ধতিতে প্রথম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবারও লটারির মাধ্যমেই স্কুলে ভর্তি হবে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।

তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

স্কুলে ভর্তি পদ্ধতি পরিবর্তনের বিষয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, লটারির মাধ্যমে স্কুলে ভর্তির পক্ষে তিনি নন। এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি খুব যৌক্তিক কোনো ব্যবস্থা নয়।’