বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে উল্লখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা প্রযোজ্য হবে বলেও জানানো হয়।
নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম হতে হবে। শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত ছাড় দেওয়া যাবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচারের ব্যবস্থা করারও নির্দেশনা দেয়া হয়েছে।


