'পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনা করেই পরীক্ষা পেছানো হয়েছে'

জেএসসিতে ইংরেজি বিষয়ের পরীক্ষা পেছানোয় টানা তিন দিন পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, টানা গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা চাপ সৃষ্টি করবে। অবশ্য শিক্ষা মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থীদের সুবিধা বিবেচনা করেই পরীক্ষা পেছানো হয়েছে।

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) ইংরেজি পরীক্ষার নির্ধারিত সময় ছিল রোববার সকাল ১০টায়। হেফাজতের কর্মসূচির জন্য পরীক্ষাটি শনিবার স্থগিত করে ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় নির্ধারণ হয়েছে। এরফলে চাপের মুখে পড়েছে পরীক্ষার্থীরা। পরিবর্তিত সূচির কারণে এখন বৃহস্পতিবার গণিত, শুক্রবার ইংরেজি এবং শনিবার বিজ্ঞান বিষয়ে টানা পরীক্ষা দিতে হবে। এই তিনটি বিষয়ই অপেক্ষাকৃত কঠিন, বলছে পরীক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় অবশ্য এই পরিস্থিতি স্বীকার করতে নারাজ।

শিক্ষাবিদরা বলছেন, এভাবে হুট করে পরীক্ষার সূচি পরিবর্তন পরীক্ষার্থীকে ক্ষতির মুখে ফেলে। তাই যে কোন কর্মসূচির আগে সবার আগে এসব পরীক্ষার্থীর কথা ভাবা উচিত।

পয়লা নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

/এইচ.এ/