অপু-আদরের সিক্রেট হচ্ছে ফাঁস!

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের অভিনয়জীবন দীর্ঘ দুই দশকের। শতাধিক সিনেমায় কাজ করা এই তারকার প্রায় ৮০টি ছবির নায়ক ছিলেন শাকিব খান। এ ছাড়া মান্না, অমিত হাসান, কাজী মারুফ, নিরব, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, মামনুন ইমন ও জয় চৌধুরীর মতো তারকাদের সঙ্গেও তিনি পর্দা ভাগাভাগি করেছেন।

এই অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন তরুণ চিত্রনায়ক আদর আজাদ। সম্প্রতি এই জুটিকে ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও অবশেষে বিষয়টির রহস্য খোলাসা হচ্ছে। সোমবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে অপু বিশ্বাস ও আদর আজাদ নিজেদের ‘সিক্রেট’ প্রকাশ করবেন।

তবে সেই ‘সিক্রেট’ আসলে তাদের নতুন সিনেমার নাম। শিগগিরই শুরু হচ্ছে সিক্রেট শিরোনামের ছবিটির শুটিং। এই উপলক্ষেই তারা হাজির হচ্ছেন সাংবাদিকদের সামনে।

এমকে প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার গল্প বা চমক কী—সে বিষয়ে এখনই মুখ খুলতে রাজি নন তিনি। পরিচালক বলেন, ‘এই মুহূর্তে কোনো গোপন তথ্য ফাঁস করা যাবে না। তবে সংবাদ সম্মেলনে আমরা সব বিষয়ে জানাব। শুধু এটুকু বলতে পারি, এটি একটি রোমান্টিক-অ্যাকশন থ্রিলার।’

অন্যদিকে আদর আজাদ ক্যারিয়ারের শুরু করেছিলেন নাটক ও বিজ্ঞাপনচিত্র দিয়ে। ২০১৪ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’-এর চ্যাম্পিয়ান হওয়ার পর ধীরে ধীরে সিনেমায় নিয়মিত হন তিনি। গত কয়েক বছরে টানা সিনেমার কাজ নিয়ে ব্যস্ত এই নায়ক।

এর আগে আদর আজাদ অভিনয় করেছেন নিশাত সালওয়া, পূজা চেরী ও শবনম বুবলীদের সঙ্গে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি তিনি পর্দা ভাগাভাগি করেছেন শবনম বুবলীর সঙ্গে। এবার প্রথমবারের মতো অপু বিশ্বাসের বিপরীতে জুটি হয়ে আসছেন তিনি।