কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে তার নিজ বাসভবন মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবার জানায়, আনিসুর রহমান রাতে খাওয়া শেষে নামাজ পড়েন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে। আনিসুর রহমান শুরুতে চিত্র সম্পাদক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এক সময় অভিনয়ে নিয়মিত হন। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি এইতো জীবন।

প্রখ্যাত চলচ্চিত্রকার ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজের লিও দোসানী ফিল্মসে সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন তিনি। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস। তিনি দুই কন্যা সন্তানের জনক।

একে একে আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সবশেষ অভিনয় করেন উত্তম আকাশ পরিচালিত 'যেমন জামাই তেমন বউ' চলচ্চিত্রে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র অনেকগুলো পর্বেও তাঁকে দেখা গেছে ।

/এম-আই/