জি-২০ সম্মলন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ডাকা নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। এরপর থেকেই দেশের নাম ইন্ডিয়া না কি ভারত? এই বিতর্কে মজেছে অধিবাসীরা। সেই তরজায় শামিল হয়েছেন তারকারাও। নিজের মতামত প্রকাশ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার রাতারাতি নিজের ছবির নাম বদলে ফেললেন অভিনেতা অক্ষয় কুমার। তার নতুন ছবির নাম ছিল ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’। সেই নাম বদলে এখন হয়েছে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’।
সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৮৯ সালে পশ্চিম বর্ধমানের কয়লাখনি এলাকার ভয়াবহ ধসকাণ্ডে। এতে আটকে পড়েছিলেন বহু মানুষ। সেই রাতে আটকে থাকা মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন যশবন্ত সিং গিল নামের এক ব্যক্তি । এবার সেই যশবন্ত হয়েই পর্দায় আসতে চলেছেন অক্ষয়। এই নতুন ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরেই দেখা যায় বদলে গেছে ছবিটির নাম। নিজে টুইটেও ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ কথাটাই উল্লেখ করেছেন অক্ষয়। শুধু তাই নয় আগের টুইটটিও মুছে দিয়েছেন তিনি। যেখানে ‘ভারত’ নয়, লেখা হয়েছিল ‘ইন্ডিয়া’।
‘ইন্ডিয়া’ দাসত্বের প্রতীক বলেই মত কঙ্গনার। বছর দুয়েক আগে তিনি যে কথা বলেছিলেন, সেটা নিয়ে এখন সরগরম দেশটির রাজনীতি। বছর দুয়েক আগের সেই বক্তব্য নিজের এক্স প্রোফাইলে পুনরায় শেয়ার করেছেন অভিনেত্রী।