এমনটি কোনো মাল্টিপ্লেক্সের ইতিহাসে ঘটেনি। যেমনটা হলো লায়ন্স সিনেমাসে। দর্শক চাপে মধ্যরাতে চালাতে হলো ছবির শো। আর এটি ঘটেছে ঢাকার কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমাসে।
গতকাল (৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ সারাবিশ্বে মুক্তি পায় ‘জওয়ান’ ছবি। শাহরুখ খানের নতুন এ উন্মাদনায় মেতেছে বাংলাদেশি ভক্তরাও।
অন্যদিকে, গতকাল বিকালেই হয় ছবিটির সেন্সর। এরপর রাতে ঢাকার তিনটি মাল্টিপ্লেক্সে দেখানো হয় ছবিটি। দর্শকচাপে শেষদিকে মধ্যরাতে ছবিটি চালাতে হয়েছে বলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন ছবিটির আমদানিকারক অনন্য মামুন।
তিনি বলেন, ‘‘জওয়ান’ নিয়ে তুমুল উত্তেজনা রয়েছে আমাদের দেশেও। গতকালকের ঘটনা সেটারই নজির।’
সাফটা আমদানি নীতিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ধামাকা ‘জওয়ান’। ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
গতকাল মাল্টিপ্লেক্সগুলোতে দেখা যায়, অসংখ্য দর্শক হাজির হয়েছেন। রাত থেকেই হয়েছে হাউসফুল শো। বাংলাদেশের শাহরুখভক্তরা দলবেঁধে ছবিটি দেখছেন।
প্রসঙ্গত, 'জওয়ান' সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।