পরপর ছবি ফ্লপ তবুও দুর্গতদের দিলখোলা দান আমিরের

সিনেমায় খুব একটা সুবিধা করতে পারছেন না মি. পারফেকশনিস্ট। একের পর এক মুখ থুবড়ে পড়েছে ছবি! তাতে কী! নামটা যে আমির খান। আর সে কারণেই আবারও দুর্গতের জন্য এগিয়ে এলেন এই মহাতারকা।

ভারতের হিমাচল প্রদেশে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান। বিধ্বংসী ভূমিধসের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে এই পার্বত্য অঞ্চলে। বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। এ অবস্থায় দুর্যোগে বিধ্বস্ত পরিবারগুলোকে সাহায্যে সরকারের কোষাগারে জমা দিয়েছেন ২৫ লাখ রুপি। 

এ জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু আমির খানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানান যে, আমিরের করা এই সহায়তা নিঃসন্দেহে দুস্থ পরিবারের ত্রাণ ও পুনর্বাসনে সহায়তা করবে। 

এদিকে, হিন্দুস্তান টামইসের তথ্যমতে, পরপর ফ্লপের মুখে পড়ে বলিউড থেকে একটু বিরতি নিয়েছেন আমির খান। শুধু তাই নয়, ব্যক্তিগত সম্পর্কের কারণে কম ট্রোল হননি মাঝে। তাঁর ‘লাল সিং চাড্ডা’ ছবি তো ‘বয়কট’ ট্রেন্ডের জেরে পজিটিভ রিভিউ থাকা সত্ত্বেও ফ্লপ হয় বক্স অফিসে।

আপাতত আমির ব্যস্ত রয়েছেন ‘লাপাতা লেডিজ’-এর প্রচারে, যার পরিচালনা করেছেন তাঁর সাবেক স্ত্রী কিরণ রাও। আর প্রযোজনা আমির খানের। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইতিবাচক সাড়া ফেলেছে ছবিটা। ২০২৪ সালের ৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ‘লাপাতা লেডিজ’র।