আইনি বিপাকে বলিউড অভিনেতা রণবীর কাপুর। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে তাঁকে। অভিনেতার বিরুদ্ধে অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। আগামী শুক্রবার ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রণবীরকে।
প্রসঙ্গত, মহাদেব অনলাইন বেটিং চক্রের সঙ্গে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেতা ও গায়কের। গড়াপেটাকাণ্ডের তদন্তে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, চলতি বছরেই সংযুক্ত আরব আমিরাতে বিয়ে সেরেছেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। গত ফেব্রুয়ারিতে তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বলিউড তারকা। একই সময়ে মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনের পার্টিতে যোগ দিয়েছিলেন তাঁরা। তাই মহাদেব অ্যাপের প্রচারকের সঙ্গে তাঁদের সমীকরণ নিয়ে তারকাদের প্রশ্ন করতে চায় ইডি।
পাশাপাশি অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে নজরে তারাকারা ওয়াকিবহাল কি না, সে বিষয়েও তথ্য অনুসন্ধানে নেমেছে তদন্তকারী সংস্থাটি। রণবীর ছাড়াও ইডির নজরে রয়েছেন অন্তত ১৫-২০ জন তারকা। সেই তালিকায় আছেন গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিং, নেহা কক্কর। রয়েছেন টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওন, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরাত ভারুচার মতো অভিনেতারাও। ইডির নজরে রয়েছেন কৌতুকাভিনেতা ভারতী সিং ও কৃষ্ণা অভিষেকও।