ফের খবরের শিরোনাম বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সঙ্গে আছেন আরেক আলোচিত অভিনেত্রী তনুশ্রী দত্ত। রাখির নামে মামলাও করেছেন তনু। এনেছেন মানসিক ও আর্থিক হয়রানির অভিযোগ। তার মতে, রাখির জন্য বিয়েও করতে পারেননি তনুশ্রী।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, তনুশ্রী ভারতের গতকাল (১২ অক্টোবর) ওশিওয়ারা পুলিশ স্টেশনে গিয়ে তাঁর নামে অভিযোগ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি তনুশ্রী বলেন, ‘'আমি এখানে রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করতে এসেছি। ২০১৮ সালে ‘মি টু’ মুভমেন্টের সময় উনি যেভাবে আমায় মানসিক হেনস্থা করেছিল সেটার জন্য আমি এই অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে ওঁর নামে মামলা করেছি।'’
কিন্তু ২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন এফআইআর করলেন তিনি? তনুশ্রীর কথায়, 'আমি নানা পাটেকারের নামে ২০০৮ এবং ২০১৮ সালে কেস করেছি। ২০১৮ সালে রাখি ওঁর নোংরা এবং সস্তা মানের ভিডিও বানিয়ে আমায় অসুস্থ করে দিয়েছিলেন। আমি এবার ফিরে এসেছি, এবার আমি পদক্ষেপ নেব এবং দেখব যাতে উনি ওঁর সব কাজের জন্য শাস্তি পান।'
অভিনেত্রীর কথায়, 'রাখির জন্য আমি অনেক মানসিক এবং শারীরিক ট্রমার মধ্যে দিয়ে গেছি। উনি আমার নামে যা যা সব বলেছিলেন সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি কোনও না কোনও নতুন টপিক নিয়ে হাজির হন লাইম লাইটে থাকার জন্য। ওঁর জন্যই আমার বদনাম হয়েছে, রেপুটেশন খারাপ হয়েছে।'
তিনি আরও দাবি করেন যে রাখির জন্যই নাকি তাঁর বিয়ে হয়নি।
জানা যায়, তাদের মধ্যকার ঝামেলা বেশ পুরনো। এই প্রসঙ্গে তনুশ্রী বলেন, '‘হর্ন ওকে প্লিজ’ ছবির সময় ওঁরা রাখিকে সরিয়ে আমায় নিয়েছিল। এরপর নানা পাটেকরের জন্য আবার রাখিকে ছবিতে নেওয়া হয় আমাকে বাদ দিয়ে। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল যাতে ওঁরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পেতে পারে। আমার সমস্ত চেক বাউন্স করিয়ে দিয়েছিল ওঁরা। গোটাটাই একটা প্ল্যান ছিল, আর রাখি এইটার অংশ ছিল।'’