দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা—মাসখানেক ধরেই এমন গুঞ্জন বলিউডে। একটি মেটারনিটি ক্লিনিকের সামনে তাঁর পোশাক দেখে পাপারাৎজিরা ধারণা করেন, সন্তানসম্ভবা তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, আনুশকার অনুরোধে তখন তাঁর কোনো ছবি প্রকাশ করা হয়নি। কেননা তিনি আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা।
তারপর থেকেই বিরাটপত্নী আনুশকার সেই ঘোষণার অপেক্ষায় অনুরাগীরা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের স্থিরচিত্র শেয়ার করলেন অভিনেত্রী। সন্তানসম্ভবার গুঞ্জনকে আরও এক ধাপ উসকে দিলেন তিনি।
আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র পোস্ট করেন আনুশকা। সেই ছবিতে স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। যদিও এতে রয়েছে অভিনেত্রীর বুদ্ধিমত্তার ছাপ। ভামিকার জন্মের আগের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। যাতে বোঝা যাচ্ছে, প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার স্মৃতি এখনও ঝলমলে। শেয়ার করা ওই ছবিতে একটি মোবাইল কোম্পানির ক্যাম্পেনও করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘সময় এগিয়ে যায়, এখন সময়টা নিজেকে আপগ্রেড করার…।’
তবে নেটাগরিকদের ধারণা, এই ধরনের পোস্টের মাধ্যমেই দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করতে চলেছেন আনুশকা। তাঁদের মতে, দ্বিতীয়বার সন্তানের জন্ম দেওয়ার আগে প্রথমবারের স্মৃতি আঁকড়ে ধরেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৭ সালে ইতালির টাস্কানিতে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা। অনুরাগীদের কাছে অন্যতম প্রিয় জুটি তাঁরা। বিয়ের বছর চারেক পরে ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কোল আলোকিত করে জন্ম হয় কন্যা ভামিকার। এখন প্রায় আড়াই বছর বয়স মেয়ের। এদিকে, সেপ্টেম্বরের শেষদিক থেকে কানাঘুষো শোনা যাচ্ছে, ফের মা হতে চলেছেন আনুশকা। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি এই তারকা দম্পতি।