গত ২ নভেম্বর ছিল বলিউড কিং শাহরুখ খানের জন্মদিন। এর আয়োজনও ছিল ব্যাপক পরিসরে। যার একটি হলো ‘এসআরকে ডে’। ভক্তদের আয়োজনে যেটা প্রতিবছরই করা হয়। তবে এই বছরটা বাংলাদেশি ভক্তদের জন্য ছিল বিশেষ। কারণ এতে শাহরুখের সান্নিধ্য পাওয়ার সুযোগ পান তিন ভক্ত।
তারা হলেন—নোয়াখালীর রোমান খন্দকার ও মিরপুরের ফারজানা হক-একেএম সোলায়মান দম্পতি।
তারা তিনজনই ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপের সদস্য। এর এডমিন ফাহিম আজিজের মাধ্যমে মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ভা রঙ মন্দির স্টুডিওতে অনুষ্ঠিত ‘এসআরকে ডে’-এর ইভেন্ট পাস পান তারা।
রোমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘খুবই সুন্দর সময় কেটেছে। আমরা মোট ৪ ঘণ্টা ১০ মিনিট সময় কাটিয়েছি শাহরুখ খানের সঙ্গে। আমার কথা বলার সুযোগ হয়নি। তবে এটার আমার জীবনে শ্রেষ্ঠ সময়।’
ফারজানা হক জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই শাহরুখের ভীষণ ভক্ত। যখন ‘জওয়ান’ সিনেমা মুক্তি পায় সেটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য তারা মুম্বাইতে গিয়েছিলেন। এবং সে সময়ে মান্নাত থেকে শাহরুখকে দেখার একটু সুযোগ হয়েছিল। সেখান থেকে ফিরে তারা সিদ্ধান্ত নেন জন্মদিনে আবার যাবেন। ফ্লাইট বুক করে ১ নভেম্বর চলে যান। ফাহিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের এ আয়োজনে প্রবেশের ব্যবস্থা করে দেন।
শাহরুখের সঙ্গে কী কথা হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘আমরা যখন ছবি তুলতে গেলাম তখন তাকে জানালাম যে, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা শুনে তিনি বলেন, ‘লেটস টেইক অ্যা গুড পিকচার’ এবং এরপর তিনি আমার সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং ফেরার সময়ে এটাও বললেন, ‘মে গড ব্লেস ইউ বেটা, ট্রাভেল ব্যাক সেইফলি’।’’
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ গ্রুপের এডমিন ফাহিম আজিজ জানান, তিনি গ্রুপটি খুলেছিলেন ২০১৪ সালে। চলতি বছর ‘জওয়ান’ মুক্তির এটি মিডিয়ার নজরে আসে।