ক’দিন ধরেই গুঞ্জন একই দিনে (১ ডিসেম্বর) বাংলাদেশেও মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। তবে তা আর হয়নি। যদিও সকল প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের তরফে।
ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু বললেন, ‘‘সিনেমাটি এখনও আমরা সেন্সরের জন্য জমা দিতে পারিনি। আশা করছি, রোববার সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখবেন। যদি সেদিন সেন্সর ছাড়পত্র পাই তবে সেদিনই ‘অ্যানিম্যাল’ সিনেমা হলে মুক্তি পাবে।’’
এদিকে, সিনেমাটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে দর্শকদের আস্থা রাখতে বললেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আইনগত কোনো জটিলতা নেই। ‘অ্যানিম্যাল’ বাংলাদেশে আসছে এটা শতভাগ নিশ্চিত। আমাদের কিছু শিপমেন্টের জটিলতার কারণে হয়তো রোব-সোমবারের দিকে সেন্সর হয়ে যাবে।’’
তিনি আরও বলেন, ‘অনেকে আছেন যারা পাইরেসি কপি দেখে ফেলেন সিনেমার। তবে আমি বলব যারা পাইরেসি কপি দেখবে তারা জীবনে অনেক বড় মিস করবেন।’
এদিকে, তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেও সেন্সর বোর্ডে এখনও জমা পড়েনি ‘অ্যানিম্যাল’। এ প্রসঙ্গে সেন্সরে ছাড়পত্র পেলে ওইদিনই সিনেমাটি সিনেপ্লেক্সে মুক্তি পাবে বলে জানালেন অনন্য মামুন।
প্রসঙ্গত, আজ ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।