বলিউড ভাইজানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা রাখলেন তিনি। অভিনেতার জন্মদিন উদযাপন মুহূর্ত কেটেছে পরিবারের সঙ্গেই। মুম্বাই ফিরে ভাগ্নি আয়াত ও অন্য সদস্যদের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জন্মদিনের আগের দিন দিল্লিতে ছিলেন সালমান খান। তবে ঠিক সময়েই মুম্বাই ফেরেন তিনি। শহরে ফিরে পরিবারের সঙ্গেই সময় কেটেছে তাঁর। দিল্লি থেকে ফেরার পথে মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় ভাইজানকে। কালো শার্ট ও জিন্স পরে এদিন বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন তিনি। হাত নাড়েন পাপারাৎজিদের উদ্দেশ্যে। পোজ দিয়ে ছবিও তোলেছেন। তারপর মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
কেননা সালমান খান ও তাঁর ভাগ্নি আয়াতের (অর্পিতা খানের মেয়ে) জন্মদিন একই দিনে। তাই তাঁরা দুজন মিলে এদিন পরিবারের উপস্থিতিতে একসঙ্গে কেক কাটেন। বাবা আয়ুশ ও মা অর্পিতার সঙ্গে প্রথমে কেক কাটে ছোট্ট আয়াত। তাঁর জন্য বার্থডে সং পরিবেশন করেন সালমান।
এ সময় সালমানের পাশেই ছিলেন তাঁর বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্টুর। কানাঘুষা শোনা যাচ্ছে তাঁরা নাকি প্রেম করছেন। কেকের টেবিলের কাছেই দাঁড়িয়েছিলেন ইউলিয়া। ঠিক সালমানের পিছনে। এবং তাঁদের এই পারিবারিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলেন তিনি।