সেপ্টেম্বরে বাংলাদেশে আসবেন রণবীর সিং নাকি শহিদ কাপুর?

চলতি বছরটা বিনোদন ইভেন্টের জন্য বেশ চমকপ্রদ হতে যাচ্ছে। শাহরুখ খানকে আনার ঘোষণা দিয়েছে অন্তর শোবিজ। এরপর এবার আরও দুজন বলিউড তারকার নাম সামনে এলো।

তাঁরা হলেন—শহিদ কাপুর ও রণবীর সিং। এ ইভেন্টের আয়োজক গানবাংলা চ্যানেলের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশনস। এ দুই তারকার মধ্যে একজনকে আনতে চায় তাঁরা। 

আর এটা নির্বাচনের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে দর্শকদের ওপর। গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস তাঁর ফেসবুক পেজে রণবীর ও শহিদ কাপুরের ছবি শেয়ার করে এমনই একটি পোল ছেড়েছেন। তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে রণবীরের চেয়ে শহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেলেও রণবীর ভক্তদের জন্য এখনও সময় পেরিয়ে যায়নি।

গানবাংলা সূত্রে জানা যায়, আসছে সেপ্টেম্বরেই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর তাতে বলিউডের তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন তাপস।