এক সিনেমায় শাহরুখ, সালমান ও আমির

বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমির। বহুকাল ধরেই রূপালি পর্দায় তাঁদেরকে একসঙ্গে দেখার প্রতীক্ষায় অনুরাগীরা। কিন্তু এ তো আকাশ-কুসুম কল্পনা! সেই আক্ষেপ থেকেই বোধহয় পরিচালক ইকবাল সোলেমান বানিয়েছিলেন ‌‘আমির সালমান শাহরুখ’ নামের সিনেমাটি! তবে এবার সত্যিই তিন খানের একসঙ্গে পর্দা রাঙানোর ইঙ্গিত এসেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) নিজের জন্মদিনেই এই বড় ঘোষণা দিলেন আমির খান। যে ছবির জন্য অনুরাগীরা এতদিন ধরে অপেক্ষায়, সেই ছবিই হয়তো এবার তৈরি হতে চলেছে। আর তার ইঙ্গিতটা দিলেন আমির নিজেই।

বলিউডে বহুদিন ধরেই জল্পনা চলছে তিন খান অর্থাৎ আমির, শাহরুখ ও সালমানকে একসঙ্গে নিয়ে একটি সিনেমা তৈরি করার। কিন্তু কোনো পরিচালকই সাহস করছেন না এই ছবি বানানোর। অবশেষে সেই সাহসটাই দেখাতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত আমির খান। 

জন্মদিনে ফেসবুক লাইভে এসে তিনি জানিয়ে দিলেন, তিন খান একসঙ্গে ছবিতে অভিনয় করবেন। আর সেই ছবি তৈরি করবেন আমির নিজেই। তিনি আরও জানান, আগামী বছরেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা আসছে। এমনকি আমির ইঙ্গিত দিয়েছেন—ছবিটি হবে অ্যাকশনে ভরপুর।

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমির, সালমান ও শাহরুখ। ছবি: সংগৃহীত

গত বছরের শেষে সালমানের গ্যালাক্সি অ্য়াপার্টমেন্টে রাতভর পার্টি করেছিলেন বলিউডের তিন খান। সেই পার্টির নেপথ্য়ে ছিল বিশাল এক কারণ। এই তিন খান নাকি একসঙ্গে ছবি তৈরি করতে চলেছেন। সেদিন থেকেই পরিকল্পনা শুরু। শুধু তাই নয়, যেহেতু এই তিন খানই অভিনয়ের পাশাপাশি সিনেমা তৈরিতে টাকা ঢালেন, সেহেতু প্রোজেক্টটি যে বড়সড়ই হচ্ছে—তেমনটাই ধারণা অনুরাগীদের।

এদিকে, ক’দিন আগে তিন খানকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছিল ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়েতে। এবার এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখার জল্পনা।