টানা ১৬টি ছবি ফ্লপ, তবুও থেমে থাকেননি অক্ষয়

বলিউডে জনপ্রিয়তা কিংবা পারিশ্রমিক—দুই ক্ষেত্রেই সাফল্যের শীর্ষে অক্ষয় কুমার। তবে সাম্প্রতিক বছরগুলোয় খুব একটা হিট ছবি উপহার দিতে পারেননি তিনি। আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এই অভিনেতার নতুন ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। মঙ্গলবার (২৬ মার্চ) প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। আর এই ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ক্যারিয়ার নিয়ে নিজের অভিজ্ঞতা-উপলব্ধির কথা শোনালেন ‘খিলাড়ি’। 

সবশেষ অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’র মতো ছবিগুলো বক্স অফিসে অসফল হয়েছে। বাজিমাত করতে পারেনি। একমাত্র ‘ওএমজি ২’ ছবিটি ভালো ব্যবসা করেছিল। 

অক্ষয় বলেন, ‘আমি যেসব ছবি করেছি, সেখানে কখনও সফল হয়েছি, কখনও হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী হয়েছি। ক্যারিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি ছবি ফ্লপ করেছিল।’ 

এভাবে ব্যর্থ হওয়ার পরেও অক্ষয় কিন্তু থেমে থাকেননি। অভিনেতা বললেন, ‘কিন্তু আমি তারপরেও কাজ করেই গিয়েছি। আগামী দিনেও সেটাই করব। এই ছবিতে (বড়ে মিয়া ছোটে মিয়া) আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছি। আশা করছি, এই ছবিটা আমাদের প্রত্যেকের জন্যই সৌভাগ্য এনে দেবে।’

সাফল্যের সন্ধানে কীভাবে ছবি নির্বাচন করেন—সেই প্রসঙ্গেও কথা বলেছেন অক্ষয়। অভিনেতা বললেন, ‘আমি সব সময়েই ভিন্ন ঘরানার ছবি করার চেষ্টা করি। কারণ, কোনো একটি নির্দিষ্ট ঘরানার ছবি করতে থাকলে তখন একঘেয়েমি চলে আসে।’

ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অক্ষয় ছাড়াও অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ। অ্যাকশন নির্ভর এই ছবিতে অক্ষয়-টাইগার জুটিকে একাধিক সাহসী স্টান্ট করতে দেখা যাবে।