বলিউড অভিনেতা সালমান খানের ক্যারিয়ার তখন শুরু হয়েছে মাত্র। সালটা ১৯৯০। সেসময় নিজের হাতে একটা চিঠি লিখেছিলেন ভাইজান। দীর্ঘ সেই চিঠিতে ছিল তাঁর আন্তরিক অভিব্যক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই চিঠি। খবর হিন্দুস্তান টাইমসের।
চিঠিতে অভিনেতা লিখেছেন, ‘যেদিন আমাকে ভালোবাসা বন্ধ করে দেবে… সেদিনই আমার শেষ।’ কিন্তু কার উদ্দেশ্যে এই ভালোবাসার কথা লিখেছিলেন তিনি? তবে কি এটা সালমানের লেখা কোনো প্রেমপত্র?
হ্যাঁ, প্রেমপত্র তো বটেই। তবে এখানে সালমানের প্রেমিকা হলেন তাঁর দর্শকরা। নিজের ছবির দর্শকদের কাছেই এই আবেগঘন কথাগুলো লিখেছিলেন সালমান।
১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত চলচ্চিত্র ‘ম্যায়নে পেয়ার কিয়া’। জানা যায়, ঠিক এর পরই চিঠিটি লেখা হয়েছিল। সালমান-ভাগ্যশ্রী জুটির এই সিনেমা হয়েছিল সুপারহিট। দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত হয়েছিলেন সালমান। লিখেছিলেন লম্বা এই চিঠি, যাতে আরও অনেক কথাই রয়েছে।
কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা লেখেন, ‘আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা ছোট্ট বিষয় জানুন। প্রথমত, আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি, আমার ছবির মাধ্যমে আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
ভাইজান আরও লেখেন, ‘আমি ছবি করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার-বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি। কারণ আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র তুলনা করা হবে। তাই আপনারা যখনই আমার ছবির কোনো ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সেটি একটা ভালো ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।’
আবেগাপ্লুত বার্তা দিয়ে তিনি লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন। কারণ যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।’
চিঠিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন সালমান। তাঁর কথায়, তাঁর জীবন একটা খোলা বইয়ের মতো। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছু বলার নেই, আপনারা সবই জানেন। লোকে বলে, আমি পেরেছি। আমি অবশ্য তা মনে করি না। আমি এখনও সেটা তৈরি করতে পারিনি, তবে আমি একটা জিনিস জানি, যে আপনারা আমাকে গ্রহণ করেছেন।’
চিঠির শেষে লেখেন, ‘আপনাদের প্রিয় সালমান খান’।
এদিকে, সম্প্রতি নির্মাতা সুরজ বরজাতিয়া ফাঁস করেছেন স্ক্রিন টেস্টে ব্যর্থ হওয়ায় ‘ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য প্রথমে প্রত্যাখ্যাত হয়েছিলেন সালমান। পরে তাঁকে ফের ডাকা হয়। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সালমান ও ভাগ্যশ্রী। যেটি কিনা একটি রোমান্টিক ছবি, যেখানে প্রেম ও সুমন তাঁদের সম্পর্ক নিয়ে নিজেদের পরিবারকে বোঝাতে সক্ষম হয়।
অন্যান্য চরিত্রে ছিলেন অলোক নাথ, রিমা লাগু, মোহনিশ বেহল, রাজীব ভার্মা, অজিত ভাচানি, লক্ষ্মীকান্ত বের্দে প্রমুখ।