বলিউডে ফাহাদ ফাসিল, সঙ্গে তৃপ্তি

বলিউডে পা রাখছেন মালয়লাম অভিনেতা ফাহাদ ফাসিল। ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘পুষ্পা ২: দ্য রুল’ চলচ্চিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। এবার ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই দক্ষিণী তারকার। তাঁর সঙ্গে জুটি বাঁধছেন তৃপ্তি দিমরি।

বলিউডে ফাাহাদের আত্মপ্রকাশ হচ্ছে জনপ্রিয় পরিচালকের হাত ধরেই। তিনি ইমতিয়াজ আলী। বলিউডের রোমান্টিক নির্মাতা হিসেবে দারুণ সুখ্যাতি রয়েছে তাঁর। ‘জাব উই মেট’, ‘রকস্টার’, ‘লাভ আজকাল’, ‘হাইওয়ে’র মতো সিনেমা নির্মাণ করে সমালোচকদের নজর কেড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে ইমতিয়াজ ও ফাহাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। ইতিমধ্যে কাগজপত্রে সই হয়ে গেছে। কেবল আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল। এবার জানা গেল সিনেমাটির নাম ‘ইডিয়টস অব ইস্তাম্বুল’।

জানা যায়, এটি নির্মিত হবে লাভ স্টোরিকে কেন্দ্র করে। সঙ্গে মিউজিক্যাল বিষয়টিও থাকবে। বর্তমানে সিনেমার চিত্রনাট্যর ঘষামাজা করছেন ইমতিয়াজ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫-এর প্রথম দিকেই শুটিং শুরু হয়ে যাবে। পরিচালনার পাশাপাশি এতে প্রযোজক হিসেবেও থাকছেন ইমতিয়াজ।