‌‘আমি হেরে গিয়েছি…’, অমিতাভের এমন কথা শুনে চিন্তায় ভক্তরা

হিন্দি সিনেমার মহানায়ক অমিতাভ বচ্চন, যাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের এক ঝলমলে ইতিহাস। ৮৩ বছর বয়সেও তিনি কাজ করে চলেছেন একই উদ্যমে। শুটিং, বিজ্ঞাপন, টিভি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’, এমনকি নানা অনুষ্ঠানে অংশগ্রহণ, সবই চলছে একটানা। অথচ সম্প্রতি তাঁর লেখা একটি ব্লগ পোস্ট পড়ে ভক্তদের মনে জেগেছে উদ্বেগ। প্রশ্ন উঠেছে—সবকিছুর পরও কি এবার ‘শরীর’ বলছে, একটু থামো?

অমিতাভ তাঁর ব্লগে খুব সরল, অথচ গভীর একটি অনুভবের কথা লিখেছেন। তিনি বলেন, ‘কখনও কখনও শরীর আপনার স্বভাব ও কাজের ওপর প্রভাব ফেলে এবং আদেশ দেয়—আরাম করো। তাই আমি হেরে গিয়েছি এবং শরীর যা চেয়েছে, তাই করেছি। শরীর আমাকে বুঝিয়ে দিয়েছে কে সবচেয়ে শক্তিশালী—শরীর!’

এই একান্ত আত্ম-উপলব্ধি তাঁর ভক্তদের মনে হালকা একটা শঙ্কার বাতাসও ছড়িয়ে দেয়। কারণ এই বয়সে এত ধকল নেওয়া যে ক্লান্তিকর, সেটাই বুঝিয়ে দিয়েছেন মিস্টার বচ্চন।

শুধু শারীরিক ক্লান্তিই নয়, মানসিক একাকীত্বের কথাও উঠে এসেছে তাঁর ব্লগে। অমিতাভ লিখেছেন, ‘৮৩ বছর বয়সে, বলার মতো অনেক কিছু জমে আছে মনে। কিন্তু প্রকাশের জন্য যে মঞ্চ প্রয়োজন, যে শ্রোতা প্রয়োজন—তা আজকের দ্রুতগতির জগতে আর পাওয়া যায় না।’

তবুও প্রতি রোববার অমিতাভ হাজির হন তাঁর জুহুর বাড়ির বাইরে, যেখানে অসংখ্য ভক্ত অপেক্ষা করে থাকেন একটুখানি দেখা পাবার আশায়। কখনও তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান, আবার কখনও উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।