কথায় কথায় মেজাজ হারান কেন জয়া বচ্চন, জানালেন দুই সন্তান অভিষেক-শ্বেতা

রাগ যেন তাঁর নাকের ডগায়! কথায় কথায় মেজাজ হারান জয়া বচ্চন। এটা নতুন কিছু নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে নাকি তাঁর এই রাগ আরও বেড়েছে। আগে শুধু ছবিশিকারি দেখলেই চটতেন, এখন অনুরাগী থেকে শুরু করে পার্টির কর্মী—কেউই রেহাই পাচ্ছেন না তাঁর মেজাজ থেকে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। সেখানে দেখা যায়, ভারতের সমাজবাদী পার্টির এক কর্মী সেলফি তুলতে চাইলে তাঁকে সরাসরি ধাক্কা দেন জয়া। সেই ছোট্ট ঘটনাই আবারও সামনে এনে দিয়েছে অভিনেত্রীর মেজাজি স্বভাব।

অভিনেত্রীর রাগের তল পাওয়া বেশ শক্ত। কখনও হঠাৎ চিৎকার, আবার কখনও ধমক—সবসময় তটস্থ থাকেন আশপাশের লোকজন। এমনকি ছবিশিকারিরাও এখন আর জয়ার সামনে ভিড় করেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে অভিষেক বচ্চন বললেন, ‘আজকাল বিমানবন্দরে মা আসলে ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না। বরং তাঁকে জায়গা করে দেন। অনেকেই এখন আর ছবি তোলার জন্য জোরাজুরি করেন না।’

ভাইয়ের কথা এগিয়ে নিয়ে বোন শ্বেতা বচ্চন ব্যাখ্যা করলেন, ‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হয়ে আসে। সেই আতঙ্ক থেকেই এমন আচরণ করেন তিনি।’

সব মিলিয়ে, জয়া বচ্চনের ‘মেজাজি ইমেজ’ এখন আর শুধু গসিপ নয়, পরিবারের পক্ষ থেকেও কারণটা খোলসা হলো।