দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে স্তব্ধ গোটা ভারত। এখন পর্যন্ত খবর, প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। এই মর্মান্তিক ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড তারকারাও। তবে এই ঘটনার প্রভাব পড়তে পারে রণবীর সিংয়ের নতুন ছবির প্রচারণাতেও।
বর্তমানে রণবীর ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ছবির প্রথম ঝলক, যেখানে সন্ত্রাসবাদ ঘিরে গল্পের ইঙ্গিত মিলেছিল। রণবীরের লুক নিয়েও তখন বেশ আলোচনা হয়। আগামীকাল বুধবার মুম্বাইয়ের ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ ছবির মূল ট্রেলার উন্মোচনের কথা থাকলেও, দিল্লির বিস্ফোরণের ঘটনার পর সেটি স্থগিত হতে পারে বলে জানা যাচ্ছে।
একটি বলিউডভিত্তিক পেজে পোস্ট করা হয়েছে, ধুরন্ধর-এর ট্রেলার প্রকাশের কথা ছিল বুধবার, কিন্তু দিল্লির মর্মান্তিক ঘটনার পর মুক্তি আপাতত পিছিয়ে যেতে পারে।
শোনা যাচ্ছে, ছবিতে সন্ত্রাসবাদের প্রসঙ্গ থাকায় নির্মাতারা সংবেদনশীল পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে পারেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীরের সঙ্গে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও সারা অর্জুন। পরিচালক আদিত্য এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ও ‘আর্টিকল ৩৭০’-এর মতো ছবির জন্য প্রশংসিত হয়েছেন। তাঁর সর্বশেষ ছবি ‘বারামুল্লা’ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, যেখানে কাশ্মীরি পণ্ডিতদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।