বচ্চন পরিবারকে বর্জনের ঘোষণা পাপারাজ্জিদের

জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ বর্জনের প্রস্তুতি নিচ্ছে। এমনকি নাতি অগস্ত্য নন্দার নতুন ছবি ‘ইক্কিস’–এর প্রচারও না করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে।

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে জয়া বচ্চনকে। কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। ফটোসাংবাদিকদের উদ্দেশে জয়ার প্রশ্ন, “যারা ‘গণ্ডি প্যান্ট’ পরে ঘোরে এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই ছবি তোলে, তারা কেমন মানুষ? কোথা থেকে আসে এরা?”

এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাপারাজ্জিরা। জনপ্রিয় পাপারাজ্জি পল্লব পালিওয়াল বলেন, “এ ধরনের মন্তব্য দুঃখজনক। যদি আমরা কাভারেজ না দিই, অগস্ত্যর ‘ইক্কিস’-এর প্রচারই বা কীভাবে হবে?” তিনি আরও মনে করিয়ে দেন, অমিতাভ বচ্চনের সানডে দর্শন কাভার করার দায়িত্বও সবসময় পাপারাজ্জিরাই পালন করে।

আরেক পাপারাজ্জি মানব মঙ্গলানির মতে, ৭৭ বছর বয়সী জয়া বচ্চন ডিজিটাল যুগের পরিবর্তনের সঙ্গে যথাযথভাবে মানিয়ে নিতে পারেননি। তাঁর ভাষ্য, জয়ার নাতি–নাতনিদের উচিত তাঁকে বর্তমান সময়ের মিডিয়া সংস্কৃতি সম্পর্কে বোঝানো।

প্রবীণ ফটোসাংবাদিক বরিন্দর চাওলা আরও একধাপ এগিয়ে সহকর্মীদের আত্মসম্মান বজায় রাখতে বচ্চন পরিবারকে সরাসরি বর্জনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা নিজেদের সম্মান রক্ষা করি, তাদের বর্জন করি। তারা ভুলে গেছে, অতীতে অমিতাভ বচ্চনের অনেক বিব্রতকর ঘটনা আমরা নিজেরা চাপা দিয়েছি, শুধু সম্মানের জায়গা থেকে।’

পাপারাজ্জিদের এই সম্ভাব্য বর্জন বচ্চন পরিবারের আসন্ন জনসমাগম ও প্রচারণায় বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।