বলিউডে এখন উদ্বেগ আর ভালোবাসার আবহ। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান। ১৭ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল, তবে সতর্কতার অংশ হিসেবে আইসিইউতে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মধ্যরাতে শাহরুখ
শনিবার গভীর রাতে হাসপাতালে পৌঁছান সুপারস্টার শাহরুখ খান। প্রায় এক ঘণ্টা ভেতরে থেকে তিনি বেরিয়ে যান। তার কিছু আগেই বাবার শারীরিক অবস্থা জানতে হাসপাতালে যান বড় ছেলে সালমান খান। এর আগে ১৯ ফেব্রুয়ারি কিংবদন্তি লেখকের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন আমির খান। তাঁর সঙ্গে ছিলেন গৌরী স্প্র্যাট।
অস্ত্রোপচার হয়নি
চিকিৎসক ডা. জলিল ডি পারকার জানিয়েছেন, কোনো অস্ত্রোপচার করা হয়নি। ‘রক্তক্ষরণ ছিল খুবই সামান্য, সার্জারির প্রয়োজন হয়নি। নিয়মিত একটি চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে’, বলেন তিনি। পরিবারের চিকিৎসক ডা. সন্দীপ চোপড়া তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখে।
কিংবদন্তি জুটির গল্প
ভারতীয় সিনেমায় সেলিম খান ও জাভেদ আখতারের জুটি এক ইতিহাস। তাঁদের কলমে জন্ম নিয়েছে একের পর এক কালজয়ী ছবি—শোলে, ডন, দিওয়ার, ত্রিশূল, জঞ্জির, হাতি মেরে সাথী, ইয়াদোঁ কি বারাত ও মিস্টার ইন্ডিয়া’র মতো ব্লকবাস্টার।
গত বছরের ২৪ নভেম্বর ৯০ বছরে পা দেন সেলিম খান। বলিউডের এই কিংবদন্তির দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় রয়েছেন ভক্ত-সহকর্মীরা।