পাকিস্তানের পেশোয়ারে থাকা বলিউডের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈতৃক বাড়ির একটি অংশ ধসে পড়েছে। পেশোয়ার শহরে অবস্থিত এই ঐতিহাসিক হাভেলিটি বহু বছর ধরেই জীর্ণ অবস্থায় ছিল। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও ভূমিকম্পের ধাক্কায় বাড়িটির একটি দেয়াল ভেঙে পড়ে। খাইবার
পাখতুনখোয়ার হেরিটেজ কাউন্সিলের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পরেই এই ক্ষতি হয়েছে। ২০১৬ সালে পাকিস্তান সরকার এই বাড়িটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছিল। পর্যটক ও ইতিহাসপ্রেমীদের কাছে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। হাভেলির ইতিহাস পেশোয়ারের কিস্সা খওয়ানি বাজার এলাকায় অবস্থিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজ কাপুরের দাদা দিওয়ান বশেশ্বরনাথ কাপুর, যিনি তখন ব্রিটিশ আমলে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন।
১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে নির্মিত এই হাভেলিতেই জন্মগ্রহণ করেন রাজ কাপুর। এখান থেকেই তাঁর বাবা পৃথ্বীরাজ কাপুর অভিনয় জীবনের সূচনা করেছিলেন। বাড়িটিতে প্রায় ৪০টি ঘর রয়েছে। বিভাজনের পর পরিবর্তন ভারতভাগের পর কাপুর পরিবার এই বাড়ি ছেড়ে ভারতে চলে যান এবং মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মিউজিয়াম তৈরির পরিকল্পনা অনিশ্চিত গত কয়েক বছরে এই ঐতিহাসিক ভবনটিকে সংস্কার করে মিউজিয়ামে পরিণত করার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক ক্ষতির পর সেই পরিকল্পনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। ভবনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, শাহরুখ খান, সুনীল দত্ত, গোবিন্দ ও গুলজারসহ বহু বলিউড তারকার পৈতৃক বাড়ি আজও পাকিস্তানে রয়েছে। কিছু বাড়িতে নতুন পরিবার বসবাস করলেও অনেকগুলিই আজ জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তান সরকার রাজ কাপুরের এই প্রাসাদটি মেরামত করতে চায়। এটিকে সুরক্ষিত করে নতুন প্রজন্মের জন্য একটি সংগ্রহশালা তৈরি করার কথা বলা হয়েছিল। তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাসাদটির অবস্থা আগের চেয়ে আরও বেশি জরাজীর্ণ বলে জানা গেছে। বৃষ্টি ও ভূমিকম্পে প্রাসাদের দেয়ালের একটি অংশ ভেঙে গেছে। ভাঙা প্রাচীরটি মেরামত করা হবে কিনা তা প্রতিবেদনে নির্দিষ্ট করা হয়নি।