বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান—গ্ল্যামার, খ্যাতি আর তারকাখ্যাতির চেয়েও যেটা বেশি আলোচনায় আসে, তা হলো তাঁর মানবিকতা আর অতিথিপরায়ণতা।
সম্প্রতি অভিনেতা বিজয়ন্ত কোহলি একটি অভিজ্ঞতা শেয়ার করে জানান, শাহরুখের এই আচরণে তিনি আবারও মুগ্ধ হয়েছেন।
ঘটনাটি গৌরী খানের জন্মদিনের পার্টির। তখন রাত গভীর, মান্নাতের ভেতর চলছে উৎসবের আমেজ। সেই পার্টিতে উপস্থিত ছিলেন বিজয়ন্ত কোহলিও।
তিনি জানান, তাঁর ছোট মেয়ে শাহরুখ খানের বড় ভক্ত। কিন্তু পরীক্ষার কারণে সে পার্টিতে যেতে পারেনি। মেয়ের ইচ্ছা পূরণ করতে তিনি শাহরুখকে অনুরোধ জানান ভিডিও কলের জন্য।
‘ব্যাডস অব বলিউড’ অভিনেতা বিজয়ন্ত বলেন, ‘মান্নাতে তখন গৌরীর জন্মদিনের পার্টিতে মজে সবাই। ভোর সাড়ে ৩টায় আমি শাহরুখ স্যরকে বলি, আমার মেয়ে মায়রা সম্ভবত এখনও জেগে। তিনি জিজ্ঞেস করেন, ‘আমরা কি ওকে ফেসটাইম করতে পারি? ওঁর কথা শুনে আমি মেয়েকে সরাসরি ফোন করতে গেলে আমাকে থামিয়ে দেন শাহরুখ। বলেন, কোনও মহিলাকে প্রথমেই এ ধরনের ভিডিও কল করবে না। প্রথমে জিজ্ঞেস করে নেবে, তিনি স্বচ্ছন্দ বোধ করছেন কি না! এরপর আমি আমার স্ত্রীকে ফোন করে জানাই, শাহরুখ খান ভিডিও কল করবেন এবং মেয়েকে তৈরি থাকতে বলি। ভোর ৪টের সময় শাহরুখ স্যর আমার মেয়ের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে।’