তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী কে?

তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।

জানা গেছে, ২০২৪ সালের শুরুতে বেঙ্গালুরুতে আমিরের চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে পরিচয় হয় আমির ও গৌরির। পরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। আমিরের ৬০তম জন্মদিন উপলক্ষে ২০২৫ সালে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরিকে নিজের ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করিয়ে দেন অভিনেতা।

আমির ও গৌরি। ছবি: সংগৃহীতএক সময় বেঙ্গালুরুর একটি সেলুন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন গৌরি। বর্তমানে তিনি আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করছেন। গত এক বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে বসবাস করছেন এই যুগল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, গৌরির সঙ্গে সম্পর্কে তিনি নিজেকে অনেক বেশি স্থির ও সুখী মনে করেন। বিয়ে নিয়ে তিনি বলেন, ‘মনের দিক থেকে আমি অনেক আগেই গৌরিকে বিয়ে করেছি। আনুষ্ঠানিকতা হবে কি না, সেটা সময়ই বলে দেবে।’

এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাদের সংসারে ইরা খান ও জুনাইদ খান নামে দুই সন্তান রয়েছে। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। এই দম্পতির ছেলে আজাদ রাও খান। ২০২১ সালে কিরণ ও আমির আলাদা হওয়ার ঘোষণা দেন।

দুই বিয়ে ভেঙে গেলেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন বিশেষ আয়োজনে তাদের প্রায়ই একসঙ্গে দেখা যায়।