‘কারও ক্ষতি করার মতো মানুষ নন রণবীর’, ডন-৩ বিতর্কে অভিনেতার পাশে পুনম

ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর ঘটনায় বলিউডে তুমুল বিতর্ক দানা বেঁধেছিল। এবার অভিনেতার সমর্থনে মুখ খুললেন অভিনেত্রী তথা সিনে অ্যান্ড টিভি আর্টিস্টেস এসোসিয়েশনের (সিআইএনটিএএ) সভাপতি পুনম ধিলোন। তাঁর মতে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রণবীর যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসার যোগ্য। এমনকি প্রযোজনা সংস্থার ক্ষতির কথা মাথায় রেখে অভিনেতা নাকি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন, এমনটাই জানালেন পুনম।

ডন-৩ থেকে হঠাৎ সরে দাঁড়ানোর জেরে রণবীরের বিরুদ্ধে ‘নন-কোঅপারেশন ডিরেক্টিভ’ জারি করে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। যদিও এরইমধ্যে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। 

এই পুরো ঘটনায় শুরু থেকেই রণবীরের পাশে ছিল সিআইএনটিএএ। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুনম জানান, তাঁর বিশ্বাস রণবীর অত্যন্ত দায়িত্বশীল।

অভিনেত্রী বলেন, ‘‘ইচ্ছাকৃতভাবে কারও ক্ষতি করার মতো মানুষ নন রণবীর। বরং এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে রণবীরের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর আগে ‘দিল ধড়কনে দো’ ও ‘গাল্লি বয়’র মতো সফল ছবিতে প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন রণবীর।’’

পুনমের ভাষ্য, কোনো অভিনেতা একটি ছবি করতে অস্বস্তি বোধ করতেই পারেন। নেপথ্যে থাকতে পারে নানা কারণ। তবে রণবীরের প্রশংসা প্রাপ্য এই কারণে যে, তিনি প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং অগ্রিম নেওয়া অর্থও ফেরত দিতে রাজি হয়েছিলেন। অনেকে তো সেটাও করেন না!

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া