বলিউড বাদশাহ তিনি। অভিনয়ের স্বপ্ন নিয়ে একসময় পা রেখেছিলেন মায়ানগরী মুম্বাইয়ে। তখন তিনি ছিলেন নেহাতই একজন বহিরাগত, তাঁকে চিনতেন হাতেগোনা কয়েকজন। তবে আজ শুধু ভারতে নয়, গোটা বিশ্বের মানুষ চেনেন তাঁকে। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় চলচ্চিত্র। এরইমধ্যে অভিনয়জীবনের ৩৪ বছর পূর্ণ করেছেন এই সুপারস্টার। বিশেষ দিনটি উপলক্ষে ভক্তদের একটি অসাধারণ মুহূর্ত উপহার দিলেন তিনি। আজও সেই স্বভাবসুলভ প্রাণবন্ততা আর নাচে-গানে সবাইকে মাতিয়ে রাখলেন অভিনেতা।
বৃহস্পতিবার (২৫ জুন) ভারতের কর্নাটকে শৈশবের শহর ম্যাঙ্গালুরুতে ফিরে গিয়েছিলেন শাহরুখ। ১৯৯২ সালের এই দিনেই মুক্তি পেয়েছিল তাঁর প্রথম সিনেমা ‘দিওয়ানা’। সেখানে অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো! বিমানবন্দরে অসংখ্য ভক্ত তাঁকে হাত নাড়িয়ে স্বাগত জানান। শাহরুখও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুম্বন।
এদিন সন্ধ্যায় তিনি বলিউডে ৩৪ বছরপূর্তি উপলক্ষে এক বিশেষ আয়োজনে অংশ নেন। ‘ঝুমে জো পাঠান’ গানের তালে নাচতে-নাচতেই মঞ্চে প্রবেশ করেন। মুহূর্তেই গোটা পরিবেশ উৎসবের আবহে ভরে ওঠে।
কন্নড় ভাষায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলিউড বাদশাহ বলেন, ‘ধন্যবাদ ম্যাঙ্গালুরু! এখানে আসার সময় আমি জানতাম না যে আমি এতটা ভালোবাসা পাব। বিমানবন্দর থেকে শুরু করে এখানে আসার পথে আপনাদের সকলের থেকে যে উষ্ণ ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অসাধারণ।’
শুধু তাই নয়, মঞ্চে ‘দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে’সহ একাধিক গানের তালে নাচতে দেখা যায় শাহরুখকে। এমনকি দর্শকদের অনুরোধে ‘চাম্মাক চাল্লো’ গানের তালেও নেচেছেন তিনি! সামাজিকমাধ্যমে কিং খানের সেই অনুষ্ঠানের বক্তব্য ও নাচের ক্লিপ এরইমধ্যে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে!
অনুরাগীদের একজন লিখেছেন, ‘গৌরবময় ৩৪ বছর, শাহরুখকে ভালোবাসা এবং অবিস্মরণীয় স্মৃতির জন্য অনেক অনেক অভিনন্দন।’ অন্য একজন লেখেন, ‘এভারগ্রিন হয়তো দেখতে এমনই হয়!’
ম্যাঙ্গালুরুর সঙ্গে শাহরুখের সম্পর্ক বহু পুরনো। তাঁর শৈশবের বাড়ি আজও ভক্তদের কাছে আকর্ষণীয় গন্তব্য। যেমনটা মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর বাংলো ‘মান্নাত’-এ দেখা যায়।
৩৪ বছরের দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্লকবাস্টার উপহার দিয়েছেন শাহরুখ। তবে এই আকাশছোঁয়া সাফল্য কখনও ম্লান করে দিতে পারেনি শৈশবের শহরের প্রতি তাঁর আবেগ। এবারের ম্যাঙ্গালুরু সফর অনুরাগীদের আরও একবার সেই কথাই স্মরণ করিয়ে দেয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস