শাহরুখের স্বপ্নপূরণ, যুক্তরাষ্ট্রে নিজেদের আস্ত স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা সত্যি হলো।’

মার্কিন মুলুকে কেকেআর দীর্ঘদিন ধরেই সক্রিয়। সেখানকার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এবার সেখানেই নিজস্ব স্টেডিয়াম তৈরি করে ফেলল কেকেআর ম্যানেজমেন্ট। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার পমোনা ফেয়ারপ্লেক্সে তৈরি হয়েছে নাইটদের এই নতুন স্টেডিয়াম। আগামী দিনে সেখানেই খেলবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। বৃহস্পতিবার (২ জুলাই) প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে সেই স্টেডিয়ামের একঝলক।

এক্স হ্যান্ডেলে স্টেডিয়ামের একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। সেখানে দেখা যাচ্ছে, সুনীল নারিনসহ কেকেআর তারকারা নতুন স্টেডিয়াম ঘুরে দেখছেন। স্টেডিয়ামের পিছনে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যও রয়েছে।

নতুন স্টেডিয়াম গড়ে তোলার নেপথ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন শাহরুখ। তাঁর বার্তা, ‘আমরা সকলে একসঙ্গে স্বপ্ন দেখেছিলাম, সেটা আজ সত্যি হলো। এই মাঠ স্রেফ খেলা নয়, সারাজীবনের স্মৃতির ভূমি হয়ে থাকবে।’

প্রসঙ্গত, মার্কিন মুলুকে ক্রিকেট এখনও খুব বেশি জনপ্রিয় নয়। তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আমেরিকায় আয়োজিত হওয়ার পর থেকে দেশটির ক্রিকেট নিয়ে আগ্রহ বাড়ছে। শোনা গিয়েছিল, অলিম্পিকের জন্য কেকেআরকেই স্টেডিয়াম তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। কেকেআরের তৈরি স্টেডিয়ামেই সব ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। স্টেডিয়াম তৈরির জন্য এরইমধ্যে কেকেআর ম্যানেজমেন্টকে জমিও বরাদ্দ দিয়েছে মার্কিন প্রশাসন।