ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখলেও তিনি এখনো পুরোপুরি বিপদমুক্ত নন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা এখনো বাকি রয়েছে, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এখনই বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হয়নি।
এদিকে রাজেশ শর্মার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে নিয়মিত যাতায়াত করছেন নির্মাতা অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি অগ্নিদেবের ‘চোর’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করার সুবাদে দুই পরিবারের মধ্যে বেশ গভীর সম্পর্ক তৈরি হয়। সুদীপা অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, প্রাথমিক আশঙ্কার পর মনে হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু রাজেশের রক্তের শর্করার মাত্রা (সুগার) প্রচণ্ড ওঠানামা করছে এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। বিকেলে কিছু জরুরি রিপোর্ট আসার পর পরবর্তী অবস্থা বোঝা যাবে।
জানা গেছে, হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে দক্ষিণী তারকা প্রভাসের একটি সিনেমার শুটিং করার সময় এই ঘটনা ঘটে। বনের ভেতরের একটি লোকেশনে কাজ করার সময় বিরতিতে চা খেতে গেলে তাকে বিষাক্ত পোকামাকড় সম্পর্কে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়ায় বনের একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড়ে দেয়। এর পরপরই ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং তার শরীরে এখনো জ্বর রয়েছে। ডায়াবেটিসের জটিলতার কারণে চিকিৎসকদের পাশাপাশি চিন্তিত তার পরিবারও। বর্তমানে হাসপাতালে তার পাশে রয়েছেন তার বৃদ্ধা মা।