বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে জানালেন আসছে নতুন ছবি, শিরোনাম ‘সিল্কইয়ারা ৪১’।
কবীর খান ফিল্মস ও অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মসের সঙ্গে জোট বেঁধেছে আমিরের প্রযোজনা সংস্থা একেপি। নতুন সিনেমাটি নির্মিত হবে এই তিন সংস্থার যৌথ প্রযোজনায়।
চিত্রনাট্য লিখেছেন খ্যাতনামা অস্ট্রেলীয় চিত্রনাট্যকার অ্যান্ড্রু আনাস্তাসিওস। পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের কবির খান। এর আগে তিনি ‘বজরঙ্গি ভাইজান’, ‘৮৩’, ‘এক থা টাইগার’-এর মতো ছবি উপহার পেয়েছেন দর্শকরা।
সত্য ঘটনা অবলম্বনে সিল্কইয়ারা-৪১ নির্মাণে উদ্যোগী হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। পর্দায় উঠে আসছে উত্তরাখণ্ডের সিল্কইয়ারা সুড়ঙ্গ বিপর্যয়ের নেপথ্য কাহিনি। ২০২৩ সালে সেই টানেল থেকে ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। ১৭ দিনের এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনা সম্ভব হয়েছিল। বাস্তবের সেই ঘটনাই এবার সেলুলয়েডে।
আমির বলেন, ‘মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং আমির খান প্রোডাকশনসের এই যুগান্তকারী সহযোগিতার ঘোষণা করে আমরা অত্যন্ত আনন্দিত। সিল্কইয়ারা টানেলে উদ্ধার অভিযানের ঘটনা অত্যন্ত সংবেদনশীল ও সাহসীকতার নজির, যা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।’
আরও বলেন, ‘সাহস, অদম্য মানসিক শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং মানবতার এক অসাধারণ কাহিনি। ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের এই ঐতিহাসিক দিনে ছবিটির ঘোষণা করা বিশেষ তাৎপর্যপূর্ণ। দুই দেশের যৌথ প্রয়াসে নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার জয়কে উদযাপন করবে।’
সব মিলিয়ে, কবির খানের মতো পরিচালক এবং আমিরের মতো অভিনেতা-প্রযোজকের এক ছবিতে যুক্ত হওয়ায় দর্শকরা যে বিশেষ কিছু পেতে যাচ্ছেন তা বললেও অত্যুক্তি হবে না।
সূত্র: বলিউড হাঙ্গমা