চেক বাউন্স সংক্রান্ত সাতটি মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। তবে ট্রায়াল কোর্টের দেওয়া ছয় মাসের সাজা কমিয়ে তাকে তিন মাসের সাধারণ কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা রাজপাল যাদবের দায়ের করা রিভিশন আবেদন খারিজ করে দেন। আদালত নির্দেশ দেন, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে মামলার চলাকালে রাজপালের দেওয়া প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা এই ক্ষতিপূরণের সঙ্গে সমন্বয় করা হবে।
মামলাগুলোর সূত্রপাত ২০১২ সালে। নিজের প্রযোজিত ছবি ‘আতা পতা লাপাতা’ নির্মাণের জন্য নেওয়া ঋণের বিপরীতে দেওয়া একাধিক চেক বাউন্স হওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়। পরে ট্রায়াল কোর্ট ২০১৮ সালে তাকে দোষী সাব্যস্ত করে, যা পরবর্তীতে সেশনস কোর্টও বহাল রাখে। সর্বশেষ সেই রায়ই বহাল রাখল দিল্লি হাইকোর্ট।
এই মামলায় রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদবও অভিযুক্ত। তবে সর্বশেষ রায়ে তার বিরুদ্ধে কী নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে আদালতের প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ নেই।
তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ রয়েছে রাজপাল যাদবের। আদালত এ জন্য তাকে নির্দিষ্ট সময়ও দিয়েছে।