গত ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর থেকেই বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন বলিউড তারকা আমির খান।
কেউ কেউ এই বিয়েকে ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছেন, এমনকি একটি ফতোয়াও জারি হয়েছে। মুসলিম পারসোনাল দারুল ইফতার এক মুফতি সম্প্রতি আপত্তি জানিয়ে বলেছিলেন, ধর্মান্তরিত না হলে মুসলিম পুরুষের অমুসলিম নারীকে বিয়ে করা উচিত নয়—এরপরই বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান অভিনেতা।
রেডিফকে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘সত্যি বলতে, আমাদের পরিবার খুবই উদার এবং সবাইকে আপন করে নেয়। আমার দুই বোনেরই বিয়ে হিন্দু পরিবারে হয়েছে। আমার মেয়েও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমার চাচাতো ভাই মনসুর একজন খ্রিষ্টান নারীকে বিয়ে করেছে।’
ধর্ম পরিবর্তনের প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘গৌরি স্প্র্যাট, কিরণ রাও কিংবা রিনা দত্ত—কেউই তাঁদের ধর্ম পরিবর্তন করেননি। কারণ, আমাদের সব বিয়েই সিভিল ম্যারেজ ছিল। গৌরী হিন্দুও নন, তিনি একজন খ্রিষ্টান। তবে তিনি নিয়মিত ধর্মচর্চাকারী খ্রিষ্টানও নন।
এটি আমিরের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করে ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের, এরপর ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করে ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
প্রায় ২৫ বছর আগে পরিচয় হলেও দুই বছর আগে চাচাতো বোনের সূত্রে ফের যোগাযোগ হয় গৌরীর সঙ্গে, যা পরে সম্পর্কে গড়ায়। গত মার্চে নিজের জন্মদিনের অনুষ্ঠানেই প্রথম গণমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির, আর ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা।