প্রিয়াঙ্কা-নিকের প্রথম মেসেজ প্রকাশ্যে

‘হ্যালো... কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত।” একটি সাধারণ বার্তা থেকেই শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমের গল্প। সেই প্রথম ডিএমের স্মৃতি এতদিন ছিল আড়ালেই। অবশেষে বহু বছর পর প্রকাশ্যে এলো তাদের সম্পর্কের শুরুর সেই কথোপকথন।

সম্প্রতি ‘হে জোনাস’ পডকাস্টে অতিথি হয়ে সম্পর্কের শুরুর দিনগুলোর নানা স্মৃতি ভাগ করে নেন প্রিয়াঙ্কা। আর সেখানেই প্রথমবারের মতো তাদের প্রথম মেসেজ বিনিময়ের বিষয়টি প্রকাশ করেন অভিনেত্রী নিজেই।

পডকাস্টে নিকের ভাই জো জোনাস ও কেভিন জোনাস সেই পুরোনো বার্তাগুলো পড়ে শোনান। এ সময় হাত ধরাধরি করে বসে থাকা নিক ও প্রিয়াঙ্কাকে বেশ লজ্জা পেতে দেখা যায়। নিজেদের প্রথম কথোপকথন শুনে দুজনই হাসিতে ফেটে পড়েন এবং মজার ছলে অস্বস্তির কথাও জানান।

নিক জানান, একদিন কেভিন তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি প্রিয়াঙ্কার জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখেছেন কি না। তখন সিরিজটি না দেখলেও পরে একটি বিলবোর্ডে প্রিয়াঙ্কার ছবি দেখে তাকে বার্তা পাঠানোর সিদ্ধান্ত নেন।

নিকের পাঠানো প্রথম বার্তায় লেখা ছিল, ‘হ্যালো। কয়েকজনের কাছ থেকে শুনেছি, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসবে?’

জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হাই। গ্রাহাম তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চল, টেক্সটে কথা বলি। সেটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’

এই কথোপকথন হয়েছিল ২০১৭ সালের দিকে, তাদের প্রেম শুরুর প্রায় দেড় বছর আগে। পরে ২০১৮ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিক ও প্রিয়াঙ্কা। এর আগে একই বছরের মেট গালায় একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

২০২২ সালের ২১ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের বাবা-মা হওয়ার খবর জানান এই তারকা দম্পতি। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্বামী ও মেয়েকে নিয়ে সুখের সংসার করছেন প্রিয়াঙ্কা চোপড়া।