ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও বিভিন্ন সংগঠন।
বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছিলেন কেউ কেউ। তবে অবশেষে বাড়িটির সংস্কার ও সম্প্রসারণের পথে থাকা আইনি জটিলতা দূর হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট মান্নাতে দুটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন চ্যালেঞ্জ করে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে শাহরুখের বাসভবনে আরও দুটি তলা যুক্ত হতে আর কোনো আইনি বাধা রইল না।
প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ২০২৫ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের দেওয়া রায়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান।
শুনানিতে আদালত জানান, এই মামলায় হস্তক্ষেপ করার মতো কোনো কারণ তারা দেখছে না। আদালত আরও বলে, এটি শাহরুখ খানের নিজের বাড়ি, তাই সেখানে অতিরিক্ত তলা নির্মাণ করা না-করা সম্পূর্ণই তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তবে ভিন্নমত পোষণ করেন আবেদনকারী পরিবেশকর্মী সন্তোষ দৌণ্ডকরের পক্ষের আইনজীবী শোয়েব আলম।
তিনি আদালতে বলেন, শাহরুখ খান একজন তারকা বলেই তাঁর বিষয়টিকে ভিন্নভাবে দেখা উচিত নয়। সংস্কার কাজ চলার কারণে নিজের প্রিয় বাসভবন ‘মান্নাত’ ছেড়ে আপাতত মুম্বাই শহরেরই একটি ভাড়া অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে বসবাস করছেন শাহরুখ খান। গত বছর প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে মান্নাত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন তিনি।
জানা গেছে, ভাড়ার চুক্তিটি হয়েছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে ভাগনানির অভিনেতা ছেলে জ্যাকি ভাগনানি এবং তাঁর মেয়ে দীপশিখা দেশমুখের মধ্যে। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় ৩৬ মাসের জন্য নেওয়া এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ২৪ লাখ রুপি গুনতে হচ্ছে শাহরুখকে।