ভালো গল্প আর উপযুক্ত সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী কাজল। সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের এই আগ্রহের কথা জানান তিনি।
অনুষ্ঠানে কাজলকে বাংলা সিনেমা দেখা নিয়ে প্রশ্ন করা হলে তিনি অকপটে জানান, নিয়মিত বাংলা ছবি দেখা হয় না। তবে সুযোগ এলে অবশ্যই বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে চান। কারণ বাংলার সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক অনেক পুরোনো।
মা কিংবদন্তি অভিনেত্রী তনুজার প্রসঙ্গ টেনে কাজল বলেন, তিনি এখনো মায়ের মতো বড় অভিনেত্রী হতে পারেননি। বরং তনুজার দেখানো পথ অনুসরণ করেই নিজের অভিনয়জীবন এগিয়ে নিচ্ছেন।
অনুষ্ঠানে কাজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন কাজল। তাঁর ভাষ্য, সময়মতো শুটিং সেটে পৌঁছানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করাকে তিনি পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।
উল্লেখ্য, এবারের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ বিভিন্ন অঙ্গনের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।