ভারতে ‘নিট কেলেঙ্কারি’কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই) ককরোচ পার্টির ‘সংসদ চলো’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় দেশটির রাজধানী দিল্লি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, বিক্ষোভকারীদের রুখতে ছোড়া হয় কাঁদানে গ্যাস, চালানো হয় জলকামান। সেই আন্দোলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। অন্যদিকে, সিজেপিকে সমর্থন করতেই গ্রেপ্তার হন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ।
একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে কতজন আটক বা আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২০ জুলাই) সেই ঘটনার ভিডিও পোস্ট করে তা গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
এদিকে, সিজেপির আন্দোলন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। তাঁর মতে, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।
অভিনেত্রী হুমা কুরেশির ভাষ্য, ‘ধৈর্যের সঙ্গে পরস্থিতি সামলানো উচিত ছিল। আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াটা জরুরি ছিল। জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। তাই প্রতিটি মানুষের সরকারের কাছে প্রশ্ন করার অধিকার আছে। বলপূর্বক কোনো পদক্ষেপ গ্রহণের আগে নাগরিকদের মর্যাদার সম্মান করা উচিত।’
এ ছাড়াও ক্ষোভ উগরে দিয়েছেন সোনাক্ষী সিনহা থেকে দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারির মতো তারকারা। প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সরকার ও নন্দিতা দাসও শিক্ষার্থীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হচ্ছে বলে সুর চড়িয়েছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। সিজেপির পাশে দাঁড়িয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া।