দেড় থেকে দুই হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী, যান চলাচলে কড়াকড়ি—দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে নিরাপত্তার প্রস্তুতি জোরদার করছে পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও আয়োজকদের সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার পর ৩০ অক্টোবরের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর সূচনা হবে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের এই কনসার্টের মধ্য দিয়ে।
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, আয়োজকদের প্রাথমিক পরিকল্পনায় ৪০০ জন নিরাপত্তাকর্মী রাখার কথা ছিল। তবে বিপুলসংখ্যক দর্শকের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে দিল্লি পুলিশ।
প্রায় ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে নিরাপত্তাকর্মীরা দর্শকদের সারি নিয়ন্ত্রণ, প্রবেশপথ চিহ্নিত করা, সহায়তা কেন্দ্রে সহযোগিতা এবং আশপাশের এলাকায় পথচারীদের চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব পালন করবেন।
শুধু নিরাপত্তা নয়, যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে বাড়তি পদক্ষেপ। স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে আয়োজকদের। পাশাপাশি গাড়ি ভাড়া দেওয়ার সেবা ও নেভিগেশন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী ওঠানামার স্থান নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থায় স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় সাধারণ যানবাহনের চলাচল সীমিত করা হতে পারে। তবে শিল্পী বহনকারী গাড়ি ও বিশেষ অনুমতিপ্রাপ্ত যানবাহন চলাচলের সুযোগ রাখার কথা বিবেচনা করছে পুলিশ।
এর আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে কনসার্টের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল দিল্লি পুলিশ। উৎসবের মৌসুমে বিভিন্ন এলাকায় জনসমাগম বৃদ্ধি এবং পুলিশের বাড়তি দায়িত্বের বিষয়টি তখন সিদ্ধান্তের কারণ হিসেবে তুলে ধরা হয়।
পরে পুলিশ ও আয়োজকদের মধ্যে বৈঠক হয়। বুকমাইশো এই আলোচনাকে ‘সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক’ বলে উল্লেখ করে। কর্তৃপক্ষের উদ্বেগ বিবেচনায় নিয়ে আয়োজকেরা সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা জমা দেন। এরপরই কনসার্ট আয়োজনের অনুমতি মেলে।