পবিত্র কোরআনের আয়াত খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার লকেট পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপাল রাজপরিবারের এই ঐতিহ্যবাহী গয়নাটি নিয়ে আপত্তি তুলেছেন সমাজকর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য।
সম্প্রতি দীপাবলির বিশেষ সাজে ইনস্টাগ্রামে নজর কেড়েছিলেন কারিনা। ওই দিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের একটি কাফতান পরেছিলেন তিনি। তবে তাঁর পুরো সাজের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট, যেখানে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার বিখ্যাত আয়াত ‘আয়াতুল কুরসি’।
ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমের মালিকানাধীন ছিল। সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি কারিনার সংগ্রহে আসে।
কারিনার এই সাজের পেছনের ইতিহাস সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর লিখেছিলেন, ‘কারিনা পরেছেন পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। সঙ্গে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি কলগি, যা ভোপালের নবাবের এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না—যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।’
রিয়া আরও জানান, গয়নাগুলো সাইফ আলি খানের পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের কন্যা।
এদিকে, কারিনাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদযাপন করা।’
তবে রাজপরিবারের এই ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ববাহী গয়না জনসমক্ষে প্রদর্শন করাকে কেন্দ্র করে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি এখন বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।