দীর্ঘ ১৫ বছর পর আবারও একফ্রেমে ফিরলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কারিনা কাপুর খান। শাহরুখের আগামী ছবি ‘কিং’র নতুন গানের ঝলক প্রকাশ্যে আসতেই নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। ডিস্কো গান ‘ড্যাডি কুল’র তালে এই দুই তারকার জমজমাট রসায়ন আরও একবার প্রমাণ করে যে, বয়স তাঁদের কাছে কেবলই একটি সংখ্যা!
সামাজিকমাধ্যমে গানটির ছোট্ট একঝলক শেয়ার করেছেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম’।
১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ব্যান্ড ‘বনি এম’র কালজয়ী গান ‘ড্যাডি কুল’কে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ‘কিং’ ছবিতে। গানের হিন্দি অংশে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও, আর কোরাসে রাখা হয়েছে মূল গানের সেই চিরচেনা নস্টালজিক ছোঁয়া। কুমারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সচিন-জিগর জুটি।
নতুন গানের ঝলক দেখে ভক্তদের মনে পড়ে যাচ্ছে ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল’ এবং ‘রা.ওয়ান’ ছবির সুপারহিট গান ‘ছম্মক ছাল্লো’র কথা।
কিং’র এই গানে কারিনাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে—একটিতে লাল রঙের ডিপ-নেক পোশাকে তিনি দারুণ মোহময়ী, আর অন্যটিতে কালো পোশাক ও টুপিতে বেশ স্টাইলিশ। অন্যদিকে, ধূসর চুলের লুকে বরাবরের মতোই নজর কেড়েছেন কিং খান। এবার বড়পর্দায় গানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জুটির অনুরাগীরা।
বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘কিং’। এতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। পাশাপাশি এই সিনেমার হাত ধরেই প্রথমবার বড়পর্দায় অভিষেক করছেন শাহরুখকন্যা সুহানা খান। এর আগে, ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে অভিনয় করলেও, এবার বাবার সঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন তিনি।