দুই দশক পর মুক্তি পেয়ে রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে সানি দেওল-আমিশা প্যাটেল অভিনীত ‘গাদার:এক প্রেম কথা’ সিনেমার সিক্যুয়েল 'গাদার ২' ৷ যেন অতীতের নস্টালজিয়ায় ভাসছেন বলিউডপ্রেমীরা।
শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে ৷ তাইতো প্রথমদিন থেকেই রমরমা ব্যবসা করছে 'গাদার ২'। এরইমধ্যে ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করেছে। গতকাল মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবসের দিনই ছবিটি আয় করেছে ৫৫ কোটির বেশি। সবমিলিয়ে পাঁচ দিনে বক্স অফিসে মোট সংগ্রহ ২২৯ কোটি রুপি। অন্যদিকে শাহরুখ খানের 'পাঠান'র পিছু নিয়েছে ছবিট। 'পাঠান' প্রথম সাত দিনে ভারতে আয় করেছিল ৩৯৫ কোটি রুপি।
দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'জেলার' সিনেমাকেও টেক্কা দিচ্ছে সানির 'গাদার ২'। এমনকি নবীন প্রজন্মের হিরোদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে দিয়ে সিনেমা সুপারহিট করে দেখালেন ষাটোর্ধ্ব সানি দেওল। করোনা মহামারি পরবর্তী সময়ে শাহরুখ খানের 'পাঠান' সিনেমার পর বলিউডের কোনো ছবি এত ভালো করল।
'গাদার ২' সিনেমার গল্পে দেখা যায়, ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান। এর মাঝে ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে পাকিস্তানে যান তারা সিং। গাদার স্ত্রী সাকিনাকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন তারা, আর এবার ছেলেকে ফিরিয়ে আনতে যাওয়ার গল্প দেখানো হয়েছে। তারা-সাকিনার একমাত্র পুত্র চরণজিৎ প্রেম ঘটিত কারণে পাকিস্তানের সেনার হাতে বন্দি হন। ছেলেকে ফিরিয়ে আনতেই পাকিস্তানের মাটিতে ফের পা রাখেন তারা সিং।
গত শুক্রবার ১১ অগস্ট মুক্তি পায় 'গাদার ২'। ছবিতে সানি আর আমিশা ছাড়াও রয়েছেন মনীশ ওয়াধওয়া, উৎকর্ষ শর্মা ও সিমরাত কৌরের মতো অভিনয়শিল্পীরা।