ফ্ল্যাটে মিলল অভিনেত্রীর মরদেহ, হোয়াটসঅ্যাপে রহস্যজনক পোস্ট

ভারতের বিহারের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরি অভিনেত্রী অমৃতা পাণ্ডের মরদেহ। শনিবার (২৭ এপ্রিল) এটি পেয়েছে দেশটির পুলিশ।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে শাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। যদিও তাঁর ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।  তবে কোনও সুইসাইড নোট না পেলেও তিনি হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লিখে যান মৃত্যুর কয়েক ঘণ্টা আগে।

জানা যায়, অমৃতা তাঁর স্বামীর সঙ্গেই মুম্বাইতে থাকেন। তবে সম্প্রতি তিনি বিহারের ভাগলপুর এসেছিলেন এক আত্মীয়ের বিয়েতে। আর তারপরই তিনি ঠিক করেন সেখানে আরও কিছুদিন থাকবেন তিনি। শনিবার অনেক রাত পর্যন্ত তিনি জেগে থাকেন এবং হোয়াটসঅ্যাপে একটি রহস্যজনক পোস্ট লেখেন।

পোস্টে লিখেছেন, ‘ওর জীবন দুই নৌকায় পা দিয়ে চলছিল। আমি আমার জীবনের নৌকা ডুবিয়ে ওর সফর সহজ করে দিয়ে গেলাম।’

ভারতীয় মিডিয়ার বরাতে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। কিছু মানসিক সমস্যাও দেখা দিয়েছিল। যার চিকিৎসা চলছিল।