কানে বিচারক প্যানেলে বন্ডকন্যা

বিশ্বের অন্যতম আলোচিত কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম। সেটি নির্বাচনের দায়িত্ব সামলাবেন যারা, তাদের তালিকা ঘোষণা করা হয়েছে। গতকাল (২৯ এপ্রিল) উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। 

এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি মার্কিন অভিনেত্রী ও পরিচালক গ্রেটা গারউইগ। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের ‘ক্যাসিনো রয়েল’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে দুনিয়াজোড়া পাওয়া এভা গ্রিনও আছেন এই বিচারকার্যে।

অন্য বিচারকেরা হলেন—মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী ওমর সাই, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী ইবরু সেলান, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা নাদিন লাবাকি, স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু।

বিচারকার্যে আছেন যারা। ছবি: কানঅন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শিক্ষার্থীদের বিভাগ সিনেফঁদাসোতে বেলজিয়ান অভিনেত্রী লুবনা আজাবালের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করবেন সার্বিয়ান পরিচালক ভ্লাদিমির পেরিসিচ, ফরাসি পরিচালক ম্যারি-ক্যাস্টি মঁচো-শার, ফরাসি প্রযোজক ক্লদিন নুগারে, ডিরেক্টরস ফোর্টনাইটের সাবেক পরিচালক পাওলো মোরেত্তি। ক্যামেরা দ’র পুরস্কারের প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী এমানুয়েল বেয়াঁ ও বেলজিয়ান-কঙ্গোলিজ সংগীতশিল্পী-নির্মাতা বালোজি।  

আগামী ১৪ মে থেকে ২৫ পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। কুয়েন্টিন ডুপিয়েক্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ দিয়ে শুরু হবে এবারের উৎসব। এবার স্বর্ণপামের জন্য লড়বে ২২টি চলচ্চিত্র। আগামী ২৫ মে উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে স্বর্ণপামজয়ী সিনেমার নাম।