কোকের মতো বিজ্ঞাপন করে উতরে যাওয়ার চেষ্টা ছিল তাদেরও

পণ্যের প্রচারে নানা ধরনের বিজ্ঞাপনী কৌশল নিয়ে থাকে বহুজাতিক কোম্পানিগুলো। এতে ওই পণ্যের ক্রেতারা প্রলুব্ধ হন। তবে সব বিজ্ঞাপন জনমানসের কাছে সমান প্রভাব ফেলতে পারে না। কোনো কোনো বিজ্ঞাপন আবার উসকে দেয় তুমুল বিতর্ক। এতে ওই কোম্পানির সুনাম হুমকির মুখে পড়ে। সম্প্রতি বাংলাদেশে কোকাকোলার একটি বিজ্ঞাপন প্রচারে ঘটেছে তেমনই ঘটনা। নেটিজেনদের তোপের মুখে পড়েছে এই কোমলপানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনটির অভিনয়শিল্পীরা। তবে বিশ্বের বুকে এমনও নজির রয়েছে—যেখানে বিতর্কিত বিজ্ঞাপনই কোম্পানির জন্য বয়ে এনেছে সুনাম। আবার কোনো কোনো কোম্পানি চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ফিরে পেয়েছে তাদের হারিয়ে যাওয়া সুনাম।

টাইড
ডিটারজেন্টের জন্য বিখ্যাত মার্কিন কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। ২০১২ সালে প্রতিষ্ঠানটি বাজারে আনে ‘টাইড পড’। যা কিনা তরল ডিটারজেন্টের একক প্যাকেট। বেশ সমাদৃতও হচ্ছিল পণ্যটি। কিন্তু ২০১৮ সালে শিশু-কিশোররা সামাজিকমাধ্যমে ‘টাইড পড চ্যালেঞ্জ’ নামের এক প্রতিযোগিতায় মেতে ওঠে। এটি ছিল টাইড পড খাওয়ার চ্যালেঞ্জ। ১৩-১৯ বছর বয়সী ছেলে-মেয়েদের এই ডিটারজেন্ট খাওয়ার ঘটনা নিয়ে সেসময়ে ন্যূনতম ৪০টি ঘটনা প্রকাশ পেয়েছিল গণমাধ্যমের রিপোর্টে। এ রকম উদ্ভট, অপ্রত্যাশিত কাণ্ডে ভাইরাল হয়ে গিয়েছিল এ সমস্ত ঘটনা। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু। এই বিব্রতকর অবস্থায় জরুরিভিত্তিতে টাইড পড খেলে শরীরের ক্ষতি হয় বলে বিবৃতি দেয় প্রক্টর অ্যান্ড গ্যাম্বল। একইসঙ্গে একটি নতুন বিজ্ঞাপন প্রচার করে তারা। যেখানে আমেরিকার এনএফএল তারকা রব গ্রনকোস্কি হাজির হয়ে লন্ড্রি ছাড়া অন্য উদ্দেশে টাইড পড ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছিলেন।

লেগো
বিতর্কের কারণে প্রায় দেউলিয়ার পথে ছিল ডেনিশ খেলনা প্রস্তুতকারক কোম্পানি লেগো। এই অবস্থার নেপথ্যে কারণ ছিল তাদের ‌‘এ টু জেড’ ক্যাম্পেইন। যেখানে তারা সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের (এলজিবিটিকিউ+) সমর্থন দিয়েছিল। ফলে বয়কটের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পরে সুনাম পুনরুদ্ধারে উদ্দেশে তারা বেশকিছু পদক্ষেপ নেন। তাদের লক্ষ্য ছিল টিভি শো, ভিডিও গেমস, সিনেমা ও থিম পার্কের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানো। এতে বেশ সফলতাও পায় কোম্পানিটি। ২০১৪ সালে বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স থেকে মুক্তি পায় ‌‘দ্য লেগো’ নামের একটি চলচ্চিত্র। যা সুপারহিট হয় এবং প্রতিষ্ঠানটির আয় বাড়তে থাকে।

ডাভ
২০০৪ সালে ‘রিয়্যাল বিউটি’ নামে একটি ক্যাম্পেইন করে ইউনিলিভার কোম্পানির ব্র্যান্ড পণ্য ডাভ। এতে সৌন্দর্যের সংজ্ঞা পরিবর্তন করতে চেয়েছে। অদ্ভুত দর্শনের মডেলকে তারা হাজির করেছিল। তুমুল বিতর্কের মধ্যে পড়ে বিজ্ঞাপনটি। তবে শেষ অবধি উল্টো তাদের লাভ হয়। সারা বিশ্বেই তাদের বিক্রি বেড়ে গিয়েছিল কয়েক গুন।

বিতর্কিত বিজ্ঞাপন প্রচার করে সুফল পাওয়ার নজির রয়েছে বেশ কয়েকটি। এই তালিকায় নাইকি, স্নিকার্স, ওল্ড স্পাইস, বেনেটন নামের বেশ কিছু স্বনামধন্য বহুজাতিক কোম্পানি রয়েছে। বাংলাদেশে কোক হয়তো সেটা করার চেষ্টা করেছে, তবে বিফল হয়েছে তাদের প্রয়াস।