চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সম্মান জানিয়ে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (বিআইএফএফ) নতুন একটি চলচ্চিত্র পুরস্কারের শাখা চালু করা হয়েছে। পুরস্কারটির নাম ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
জানা যায়, দক্ষিণ কোরিয়ার বুসান শহরের ৩০তম চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে। এবারের আসরের পর্দা উঠবে ১৯ সেপ্টেম্বর। শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুসান চলচ্চিত্র উৎসবের ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী ছবিগুলোর মধ্য থেকে একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই থিমের ওপরে নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।
এ বছর উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এ পুরস্কার প্রবর্তন করা হলো।