নেপালের জেনারেশন জেডের (জেন-জি) বিক্ষোভে আরও ‘গ্ল্যামার টাচ’ এসেছে তারকাদের সমর্থনে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ছাত্র-যুবসমাজ। আর তাঁদের পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা, গায়ক ও পরিচালকরা।
অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ আর হরিবংশ আচার্য সরাসরি তরুণদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। ফেসবুকে ভাঙা রাস্তার পাশে বসে আচার্য এক পোস্টে বলেন, ‘আমি প্রতিদিন ভাবতাম, এই রাস্তা এত দ্রুত কেন ভেঙে গেল? প্রতিদিন আমি একই পথে হাঁটি আর ভাবি। তবে বর্তমান প্রজন্ম এমন প্রশ্ন শুধু মনের ভেতর ভাবেই না। তারা প্রশ্ন তোলে—জনগণের ট্যাক্সে তৈরি রাস্তা কেন ধসে পড়ল? এটা কীভাবে ভেঙে গেল? এর জন্য দায়ী কে?’ তিনি রাজনৈদিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দায়িত্বশীল হতে এবং দায়িত্ব তরুণদের হাতে তুলে দিতে।
শ্রেষ্ঠ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দেশের প্রতিটি যুগ আমি দেখেছি, অনেক অভিজ্ঞতাও হয়েছে। গলা চেপে দেখেছি, অভিজ্ঞতা হয়েছে। আমি ধর্মবাদ দেখেছি। আমি করুণা দেখেছি। ক্ষমতা দেখেছি, আর এর কারণে প্রতিদিন হাজার হাজার যুবক বিদেশে চাকরির জন্য যেতে বাধ্য হচ্ছে। আমি দেখেছি, আর এখনও দেখছি। দুর্নীতি চরম সীমা অতিক্রম করেছে, এখন তা চোখের সামনেই। আর এই কারণে নেপাল মাকেও কাঁদতে দেখেছি।’
যোগ করে বলেন, ‘তরুণরাই দেশের ভবিষ্যৎ। যুব সমাজের স্বপ্ন নেপাল মাতার স্বপ্ন। বছরের পর বছর দেশ ভালো পর্যায়ে যেতে পারছে না দেখে, নেপালিদের হৃদয় চূর্ণ হয়েছে। এটা (আন্দোলন) বর্তমান প্রজন্ম জেন জেডের কণ্ঠস্বর। এই কণ্ঠ শোনা উচিত। দুর্নীতিবাজদের বন্দি করা উচিত। দেশের প্রতিটি মানুষের মনের আশা বোঝার মতো নেতা নির্বাচিত করা উচিত। অবশেষে দেশের স্বপ্ন গড়ে তোলা হোক।’
গায়ক-অভিনেতা প্রকাশ সপুত তাঁর দুই ভাই—সুনীল ও সাচিনকে উৎসাহ দিয়েছেন। তিনি ইউটিউব আয়ের ২৫ হাজার রুপি পাঠিয়েছেন, এবং বলেছেন—‘পানি কিনুন, শরীর হাইড্রেট রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, একসাথে সবকিছু করে ক্লান্ত হয়ে পড়বেন না।’
টিকটকে নিশ্ছল বাসেতও সমালোচনা করেছেন—‘রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসার পর জনগণকে উপেক্ষা করে। এবার দেশের যুবকরা নিজেদের ভবিষ্যতের জন্য সরব।’ তিনি পুলিশকে সতর্ক করেছেন, যাতে আন্দোলনের সময় কোনো উত্তেজনা না হয়।
বর্ষা রাউত, অনমোল কে সি, প্রদীপ খড়কা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং গায়িকা এলিনা চৌহান, রচনা রিমাল, সমীক্ষা আঢিকরির মতো তারকারা সামাজিকমাধ্যমে আন্দোলনে সমর্থন জানিয়েছেন এবং সবাইকে যোগদানের আহ্বান জানিয়েছেন।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট